মিষ্টি মুখশ্রী আর মায়াবী চাহনির সারা অর্জুন এবার পর্দায় ধারণ করতে যাচ্ছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালাকে। খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত মধুবালার বায়োপিকে নাম ভূমিকায় অভিনয়ের জন্য সারা অর্জুনকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই সারা অর্জুনকে নিয়ে বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার মধুবালার মতো কিংবদন্তি চরিত্রে অভিনয়ের সুযোগ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

জানা গেছে, বহুল প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ শেষ করেই মধুবালার বায়োপিকের কাজে হাত দেবেন সঞ্জয় লীলা বানসালি। বর্তমানে মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শেষ গানের দৃশ্যের শুটিং চলছে। এ কাজ শেষ হওয়ার পর একই সেট ব্যবহার করে মধুবালার বায়োপিকের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

আগস্টের শেষ দিকে সেট পরিবর্তনের কাজ শুরু করবেন প্রোডাকশন ডিজাইন দলের সদস্যরা। ‘ডার্লিংস’খ্যাত নির্মাতা জসমিত কে. রিন বায়োপিকটি পরিচালনা করবেন বলে জানা গেছে।

সারা অর্জুনের অভিনয়জীবন অবশ্য বেশ দীর্ঘ। মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবী থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি। এরপর তামিল, তেলেগু ও হিন্দি—তিন ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন এই অভিনেত্রী।

‘ধুরন্ধর’-এর পর মধুবালার মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ সারা অর্জুনকে বলিউডে আরও শক্ত অবস্থান তৈরি করতে সাহায্য করবে বলেই ধারণা করা হচ্ছে।